বরিশালে ব্যাগে রাখা ৫০ হাজার টাকা উধাও!

রূপালী ডেস্ক।।
বরিশালে ব্যাংক থেকে তোলার পর ব্যাগে রাখা টাকার বান্ডিল উধাও! ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে।

উপজেলার কমলাপুর গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু হাওলাদারের স্ত্রী আন্না বেগম জানান, সোমবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টরকী বন্দরের ইসলামী ব্যাংক শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন।

পরে টাকার বান্ডিল ব্যাগের মধ্যে ঢুকিয়ে টরকী বন্দরের একটি দোকানে বাচ্চার দুধ কিনতে যান। এ সময় দোকানিকে টাকা দিতে গিয়ে হঠাৎ দেখতে পান ব্যাগের চেইন খোলা এবং টাকার বান্ডিল উধাও।

এ ব্যাপারে ইসলামী ব্যাংক টরকী বন্দর শাখার ম্যানেজার মো. মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগী নারী ব্যাংকে এসে বিষয়টি জানালে সিসিটিভির ফুটেজ চেক করে দেখা গেছে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তিনি বের হয়ে গেছেন। ব্যাংকের ভেতরে কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হেলাল উদ্দীন জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।