আগৈলঝাড়ায় গভীর রাতে তালা কেটে ইজিবাইক চুরি

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় গভীর রাতে ইজিবাইক চার্জের গ্যারেজের তালা কেটে ১টি ইজিবাইক চুরি করে নিয়ে গেছে চোরের দল।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা বাসষ্ট্যান্ডের জয়নাল ফকিরের গ্যারেজ থেকে পূর্বসুজনকাঠি গ্রামের আইউব আলী সরদারের ছেলে মো. সান্টু সরদারের ইজিবাইকটি চুরির ঘটনা ঘটে।

ইজিবাইক চালক মো. সান্টু সরদার জানায়, প্রতি রাতে জয়নাল ফকিরের গ্যারেজে কয়েকটি ইজিবাইক ও ভ্যান বানিজ্যিক ভাবে চার্জ দেয়া হয়। চার্জ হয়ে গেলে পরদিন সকালে এসে যার যার গাড়ি নিয়ে যান। প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে ইজিবাইক চার্জে বসিয়ে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে আসি। পরদিন সকালে গিয়ে দেখি গ্যারেজের সামনের সাটারের তালা কেটে আমার ইজিবাইকটি নিয়ে গেলে চোরের দল।

গ্যারেজ মালিক জয়নাল ফকির জানান, আমার গ্যারেজে কয়েকটি ইজিবাইক ও ভ্যান প্রতিদিন বানিজ্যিক ভাবে চার্জ দেয়া হয়। সকালে যার যার গাড়ি সে এসে নিয়ে যায়। কিন্তু সোমবার সকালে এসে দেখি সাটারের তালা কেটে একটি ইজিবাইক নিয়ে গেছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ইজিবাইক চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।