মামলা খরচ না দেওয়ায় তালাবদ্ধ অফিস কক্ষ

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
মামলা খরচ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিবার কল্যাল পরিদর্শিকার কক্ষে তালা দেয়া হয়েছে। এ ঘটনায় পরিবার পরিকল্পনা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর উপ-স্বাস্থ্য কেন্দ্রের।

স্থানীয় মোঃ মাহবুব হাওলাদার জানান, তার মরহুম পিতা ফজলে করিম হাওলাদার বাটাজোর উপ-স্বাস্থ্য কেন্দ্রের জন্য ২০ শতক জমি দান করে গেছেন। কিন্তু ২০ শতক জমিরস্থলে ৩৪ শতক জমি হাসপাতালের নামে রেকর্ড হয়েছে। যা নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মাকসুদা বেগম জানান, বাটাজোর উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমি নিয়ে স্থানীয়দের সাথে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা খরচ বহনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আমাদের উপর চাপ প্রয়োগ করে আসছিলো। সোমবার অফিসের বাইরে ফিল্ডে ছিলাম। দুপুরে অফিসে এসে দেখি আমার রুম তালাবদ্ধ। পরবর্তীতে জানতে পারি হাসপাতাল কর্তৃপক্ষ তালাবদ্ধ করে গেছেন। তিনি আরও জানান, মঙ্গলবার সকালে হাসপাতালের পরিসংখ্যানবিদ ও ষ্টোরকিপার এসে তালা খুলে দিয়ে গেছেন।

হাসপাতালের পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানান, কি কারনে পরিবার কল্যাণ পরিদর্শিকার কক্ষ তালাবদ্ধ করা হয়েছিলো তা আমার জানা নেই। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার নির্দেশনায় তারা তালা খুলে দিয়ে গেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান জানান, একটি ভুল বোঝাবুঝি হয়েছিলো। যা সমাধান করা হয়েছে। তবে মামলা খরচের জন্য অফিস কক্ষ তালাবদ্ধ করা যায় কিনা? জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

উল্লেখ, এরপূর্বেও হাসপাতালের পথ্য সরবরাহকারী আহাদ মিয়া রাসেলের কাছে বিলের ১০% দাবী করার অভিযোগ রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগটি অস্বীকার করেছিলেন।