তুনিশা অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, ময়নাতদন্তে যা পাওয়া গেল

বিনোদন ডেস্ক।।
মুম্বাইয়ে একটি শুটিং সেটে নিজের মেকআপ রুম থেকে শনিবার টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় তুনিশার প্রাক্তন প্রেমিক ও সহশিল্পী শেজান মুহাম্মদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনার পর গুঞ্জন ওঠে, তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন। তবে ময়নাতদন্ত রিপোর্টের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, রোববার সকালে মুম্বাইয়ের জেজে হাসপাতালে তুনিশা শর্মার পোস্ট মর্টেম সম্পন্ন হয়েছে। ৪-৫ জন ডাক্তারের উপস্থিতি ময়নাতদন্ত হয়। তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন- এমন কিছু ময়নাতদন্তে মেলেনি। শ্বারোধে তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র সংবাদমাধ্যমকে বলেন— ‘তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন না। ফাঁসিতে ঝুলে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।’

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেজান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তুনিশার মা। এ মামলায় তুনিশার সহশিল্পী শেজান খানকে ওয়ালিভ পুলিশ গ্রেপ্তার করেছে। আইপিসির ৩০৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে শেজান খানকে। আজ তাকে কোর্টে হাজির করার কথা রয়েছে। সম্প্রতি শেহজাদের সঙ্গে তুনিশার প্রেম ভেঙে যায়। আর এ কারণে তুনিশা এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে বলে দাবি তার মায়ের।