ভান্ডারিয়ায় নিখোঁজের ৬দিন পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার বিকালে এরশাদ সেতু সংলগ্ন পোনা নদী থেকে শাওন হাওলাদার (১৫) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে বরিশাল কোতয়ালী থানার ৫ নং ওয়ার্ডের ওয়ার্কশপ ব্যবসায়ী মোঃ হারেছ হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানাপুলিশ সূত্রেজানাগেছে, গত ১৫ জানুয়ারি গভীর রাতে কচাঁ নদী সংলগ্ন স্থানীয় চিংগুরিয়া গ্রামের ডিগ্রীর খালের গোড়ায় একটি ব্রিজের লোহার ভিম চুরির সময় টহল পুলিশ ৭ চোরকে আটক করে। আটককৃতদের এক সঙ্গী ঐ সময় নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই ভান্ডারিয়া ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা পলাতক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে কোন হদিস না পেয়ে খোজাঁখুজি বন্ধ করে দেয়। নিখোঁজের ৬দিন পর সোমবার (২৩ জানুয়ারি) বিকালে এরশাদ সেতু সংলগ্ন পোনা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ মোঃ আসিকুজ্জামান জানান,মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মঙ্গলবার পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা সহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন।