দুমকিতে আম-ছালা দুটোই খোয়ালেন বিএনপি নেতা!

অনলাইন ডেস্ক।।
পটুয়াখালীর দুমকিতে বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতিতে অনুপ্রাণিত হয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন আবু হানিফ খান। যোগদানের একদিনের মাথায় আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তাই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ করেও ঠাঁই না হওয়ায় আম-ছালা দুটোই খোয়ালেন বলে মন্তব্য করেছেন অনেকেই।

রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে ওই নেতার সদস্য পদ বাতিল করা হয়।

চিঠিতে বলা হয়- উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু হানিফ খান শনিবার (২১ জানুয়ারি) আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে যোগদান করেছেন তা বিধিসম্মত না হওয়ায় তার যোগদানটি বাতিল করা হলো।

উল্লেখ্য, শনিবার বিকালে দুমকি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ খান অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে যোগদান করেছিলেন।