আগৈলঝাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ ব্যবসায়ী আহত

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় দুই ব্যবসায়ী আহত। এসময় ওই দুই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ কিশোর গ্যাংয়ের ৪ জনকে আটক করে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত নয়টায় উপজেলার বাইপাস সড়কের পাশের ব্যবসায়ী বাকাল গ্রামের হাজারী সরদারের ছেলে রাজ্জাক সরদার একটি সাইকেল বিক্রি নিয়ে ফুল্লশ্রী গ্রামের জব্বার ফকিরের ছেলে ইউসুব ফকিরের সাথে বাকবিতন্ডা হয়। এসময় বাকবিতন্ডার একপর্যায় ইউসুব ফকিরের হামলায় রাজ্জাক সরদার আহত হয়। হামলা ফিরাতে গেলে আরেক ব্যবসায়ী ফুল্লশ্রী গ্রামের মৃত সিরাজ ফকিরের ছেলে সুমন ফকিরকেও ইউসুব ফকির মারধর করে।

পরে ওই রাতেই ইউসুব ফকিরের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি কিশোর গ্যাংয়ের গ্রুপ ২য় দফায় ব্যবসায়ী সুমন ফকির ও রাজ্জাক ফকিরকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দুই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে।

স্থানীয়রা ব্যবসায়ী সুমন ফকির ও রাজ্জাক ফকিরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে ওই রাতেই সুমন ফকিরের স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২২ জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, দুই ব্যবসায়ীকে মারধরের ঘটনায় করা লিখিত অভিযোগে শনিবার রাতেই পুলিশ কাওছার ফকির, শাওন ফকির, রিফাত ফকির ও জিহাদ বেপারীকে আটক করে। পরে বাদীর জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয় বলে জানান তদন্তকারী কর্মকর্তা এসআই নুরআলম।