পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর নির্বাচিত

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালী জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় বেষ্ট পারফরমেন্সের পুরস্কার হিসেবে মহিপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।

অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এবং এসআই মহিপুর থানার এসআই মোঃ আবু হানিফ ফরাজীকে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম।

মহিপুর থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতিসহ চেকপোস্ট জোড়দার করায় গত ফেব্রুয়ারি মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে পটুয়াখালী জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহম্মদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, সহকারী পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী, এম মোরশেদ তোহাসহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারগণ।