আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

স্পোর্টস ডেস্ক।।
দুর্দান্ত একটি সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। কাতারের বিশ্বকাপ মঞ্চে তারা ছিনিয়ে এনেছেন বহুল কাঙ্ক্ষিত সোনালী ট্রফি। যার রেশ ধরে এখনও লিওনেল মেসিরা দারুণ উচ্ছ্বাসে মেতে আছেন। এরকম রোমাঞ্চকর মুহূর্তেও তাতে বাগড়া দিতে বসেছে এক নেতিবাচক খবর। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের এক সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ ইতোমধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে ফুটবল বিশ্বে।

সাম্প্রতিক সময়ে ফুটবলের নান্দনিক সৌন্দর্য ম্লান করে দিচ্ছে তারকা ফুটবলারদের নেতিবাচক কর্মকাণ্ড। একের পর এক যৌন নিপীড়ন ও ধর্ষণের দায়ে খবরের শিরোনাম হচ্ছেন ফুটবলাররা। প্রথমে অভিযোগ ওঠে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের বিরুদ্ধে। চলমান সেই মামলায় তিনি বর্তমানে স্পেনের একটি কারাগারে রয়েছেন। এরপর মরক্কোর তারকা ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ফ্রান্সে ইতোমধ্যে শুরু হয়েছে তদন্ত কার্যক্রম। এবার এক নারী মডেলের আইনজীবী আর্জেন্টাইন ফুটবলার মন্তিয়েলের বিরুদ্ধে তার জন্মদিনে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন।