তরমুজ চাষীদের কাছে চাঁদা তুলতে গিয়ে গণপিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার আমতলীতে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ ম্যালকার তার দলবল নিয়ে তরমুজ চাষিদের কাছ থেকে চাঁদা চাইতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজার সংলগ্ন আওয়ামী লীগ অফিসের সামনে সোমবার রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজদের বাধা দিতে গিয়ে আহত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ-উল-হাসান,শাহিন ও আরিফ হোসেন। অন্যদিকে, ছাত্রলীগ নেতা সবুজ ম্যালকার চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে স্থানীয় চিকিৎসক তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, সবুজ ম্যালকার ডান হাতে ও বাঁ হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন। অন্যদের বাঁ হাতে আঘাত রয়েছে। অভিযুক্ত সবুজ ম্যালাকার বলেন,বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ-উল-হাসানের নেতৃত্বে আমার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট আরিফ-উল-হাসান বলেন,আমার বাড়ি হলদিয়াতে। হঠাৎ শুনি, কেউ একজন তরমুজ বেপারীদের কাছ থেকে চাঁদা তুলতে আসছেন ও তারা চাষীদের সঙ্গে বাগবিতণ্ডা করছে। এমন কথা শুনে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। সে সময়ে আমি মারামারি চলছে দেখে তা থামানোর চেষ্টা করি। এতে আমি নিজেও আহত হয়েছি।

তরমুজ চাষি বাসু বলেন, আমি একজন তরমুজ চাষি এবং তরমুজের ব্যবসা করে আসছি। সবুজ ম্যালকারসহ তার সহযোগী প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ চক্র আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গালাগাল করে ও হুমকি দেয়।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, আমি এ ঘটনাটি শুনেছি। থানায় কোন লেখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।