ভোট নিয়ে কুরুচিপূর্ণ অডিও ভাইরাল, কলাপাড়ায় আ. লীগ সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন

কুয়াকাটা প্রতিনিধি॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে কুরুচিপূর্ণ অডিও ভাইরাল হওয়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব তালুকদারকে দল থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) বেলা ১১ টায় মহিপুর শেখ রাসেল ব্রীজের নিচে মহিপুর থানা ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য দেন মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জামাল হাওলাদারসহ নেতাকর্মীরা।

ভিডিও ক্লিপে সাবেক প্রতিমন্ত্রীকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, রাতে ভোট অইয়া গেছে। বর্তমান এমপি মহিব্বুর রহমানকে নিয়ে মাহবুব তালুকদারের এমন বেফাস মন্তব্যের অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুসে ওঠেন নেতাকর্মীরা। ডালবুলগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমানকে শাসাতে গিয়ে এমন মন্তব্য করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব তালুকদার।

এর আগে শুক্রবার শেষ বিকালে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করেছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।