চরফ্যাশনের সড়ক দুর্ঘটনায় দুই হাফেজর মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি॥
চরফ্যাশন টু ভোলা সড়কে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সিয়াম(১৬) ও জিহাদ(১৪) নামের দুই হাফেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। রবিবার রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা চরফ্যাশন পৌর শহরের ফরেস্ট অফিস সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ সিয়াম ভোলার চরপাতা ইউনিয়নের বাসিন্দা হেলাল মিয়ার এবং জিহাদ চরফ্যাশন উপজেলার জিন্নাগড়ের বাসিন্দা মোহাম্মদ মান্নানের ছেলে। তারা চরফ্যাশন সরকারী কলেজ রোডে অবস্থিত তানজিমুল কুরআন হাফেজী মাদরাসার আবাসিক ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও মাদরাসা সূত্রে জানা যায়, বার্ষিক পরিক্ষা শেষে দুই ছাত্র বাই সাইকেল যোগে খান বাড়ি সড়ক থেকে মূল সড়ক হয়ে চরফ্যাশন বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে অটো রিক্সা ধাক্কা দিলে দু’জনে সড়কে পড়ে গেলে সামনে থাকা বেপরোয়া গতির কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত দুই ছাত্রকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং জিহাদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত দুই ছাত্রের শিক্ষক হাফেজ মাওলানা কামাল উদ্দিন জানান, নিহত সিয়ামকে ২৭ রমজানে পূর্ণাঙ্গ হাফেজ হওয়ার স্বীকৃতি স্বরূপ পাগড়ি পড়ানোর কথা ছিলো।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন জানান, নিহত দুই ছাত্রের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।