বামনায় বাবা ও ভাইদের দায়ের কোপে নারীসহ আহত ৪

বরগুনা প্রতিনিধি।।
বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামে বসতঘরের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে বাবা ও দুই ভাইয়ের দায়ের কোপে একই পরিবারের বড় ছেলে, স্ত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনা উপজেলা সদর ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামে আব্দুর রহিমের বসতঘরের বারান্দা নির্মানকে কেন্দ্র করে তার বাবা নূর মোহাম্মদ ও দুই ভাই শহিদুল ও রবিউল দারালো দাও দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে স্ত্রী নুরজাহান ( ৫০) বড় ছেলে আব্দুর রহিম (৪২) ও তার স্ত্রী আসমা বেগম (৩৫) এবং তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে লিমা (১৬) কে আহত করে। এসময় তাদের স্থানীয়রা তাদের উদ্ধার করে বামনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত আব্দুর রহিমের স্ত্রী আসমা বেগম জানান, আমি বারান্দার কাজ করতে গেলে আমার বাবা ও ছোট দুই ভাই আমাকে উদ্দেশ্য করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এতে আমার স্বামীর ডান হাতের কব্জি ও মাথা কেটে যায়। মাথায় গুরুতর আঘাতে রহিমের মগজ বেরিয়ে যায়। তাঁর স্ত্রী আসমার হাত ভেঙে যায় এসএসসি পরীক্ষার্থীর মেয়ে আহত হন।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত বাবা ও দুই ভাইকে পুলিশ আটক করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে মামলা এজহার করা হবে।