বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতার মারধরে স্কুলছাত্র গুরুতর আহত

সাইদুল ইসলাম, বানারীপাড়া॥
বরিশালের বানারীপাড়ায় শালিস-বৈঠকে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্তর বেধরক মারধরে রায়হান (১৫) নামের নবম শ্রেণীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। রায়হান বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামের বন বিভাগে কর্মরত তোফায়েল হোসেন সরদারের ছেলে ও স্থানীয় ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

অভিযোগে জানা গেছে, ৮ জুন বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশারকান্দির নিজ বাড়িতে শালিস-বৈঠকে রায়হান ওই ইউপি চেয়ারম্যানের নির্দেশমত তার চাচির কাছে ক্ষমা চাইতে একটু দেরী করায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুষি মেরে ও মাটিতে ফেলে পা দিয়ে পিষ্ট করে আহত করেন। রাত সাড়ে ১১টার দিকে রায়হানকে গুরুতর আহত অবস্থায় তার স্বজনরা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, ৫ জুন সোমবার সন্ধ্যায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের আ.সালাম সরদারের স্ত্রী লুৎফা ও তার ছোট ভাই মিন্টু সরদারের স্ত্রী কুলসুমের মধ্যে একটি হাঁস নিয়ে ঝগড়া বাধে। এসময় সালাম সরদার ও মিন্টু সরদারের বড় ভাই তোফায়েল হোসেন সরদারের ঘরে মেহমান বেড়াতে আসায় তার স্ত্রী রেহেনা বেগম,মেয়ে তানিয়া ও তাসলিমা গিয়ে বাড়ির সম্মানের কথা বিবেচনা করে মেহমানদের সামনে ঝগড়া না করার জন্য তাদেরকে অনুরোধ করেন।

কিন্তু এতে মিন্টু সরদারের স্ত্রী কুলসুম ও মেয়ে আয়শা আরো ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে ও ঝগড়া বাধালে এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মিন্টু সরদার ও রায়হানও এসে তাতে যুক্ত হয়। পর তিন ভাইয়ের পরিবারের ওই ত্রি-পক্ষীয় এ ঝগড়া ও মারামারির ঘটনা নিরসনে ৮ জুন বৃহস্পতিবার রাতে ওই বাড়ির হারুন সরদারের ঘরে স্থানীয় কয়েকজনকে নিয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত শালিস-বৈঠকে বসেন। শালিস বৈঠকের এক পর্যায়ে চেয়ারম্যান স্কুল ছাত্র রায়হানকে চাচির কাছে ক্ষমা চাইতে বলেন। রায়হান এতে একটু দেরী করায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে বেধরক মারধর করেন। এমনকি ওই সময় রায়হানকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে পা দিয়ে পিষ্ট করেন চেয়ারম্যান। এসময় শালিস বৈঠকে উপস্থিত রায়হানের বড় চাচা সালাম সরদার, মহিউদ্দিন, নান্না ও গ্রাম পুলিশ আ. সালাম ইউপি চেয়ারম্যান শান্তকে নিবৃত করার চেষ্টা করে ও ব্যর্থ হন।

এসময় নান্নার শার্ট ছিড়ে যায় এবং রায়হানের বোন তাসলিমা এর প্রতিবাদ করলে তাকেও চেয়ারম্যান গালমন্দ করেন ও থাপ্পর দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেন। রায়হানের পিতা পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন বিভাগে কর্মরত তোফায়েল হোসেন সরদার তার ছেলেকে অমানবিকভাবে মারধর করায় মুঠোফোনে কান্নায় ভেঙ্গে পড়েন ও এর বিচার দাবি করেন। তিনি কর্মস্থল থেকে বানারীপাড়ায় এসে এ ব্যপারে আইনগত পদক্ষেপ গ্রহন করবেন বলেও জানান।

এ বিষয়ে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, চাচিকে লাঠি দিয়ে পেটানোয় শালিস-বৈঠকে রায়হানকে তার কাছে ক্ষমা চাইতে বলা হয় এতে সে কালক্ষেপন করায় কয়েকটা চর-থাপ্পর দিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী জানান,কোন লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।