গৌরনদীতে লাশবাহী ফ্রিঁজার পিকআপ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে মাদক বহনকারী মরদেহবাহী ফ্রিজার পিক-আপের মধ্য থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও ওই ফ্রিজার পিক-আপটি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ফ্রিজার পিক-আপের চালক ফেনী জেলার সোনাগাজি থানার উত্তর চরচান্দিয়া গ্রামের শান্তনু দাসের ছেলে সাগর দাস (২৬) ও হেলপার একই গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ্ আল-রাফি (২১)কে আটক করা হয়। সোমবার (২৬ জুন) ভোর সোয়া ৬ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ উপজেলার বার্থী-বাঘমারা সড়কের মোড়ে ফেরদৌস সরদারের বাড়ির কাছ থেকে গাঁজাসহ চালক ও হেলাপারকে আটক ও মরদেহবাহী ওই ফ্রিজার পিক-আপটি জব্দ করা হয়। এ ঘটনায় বরিশাল ডিবি পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়দুল কবীর বাদি হয়ে আটককৃত ওই ২ জনকে আসামি করে সোমবার সকালে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদি উপ-পরিদর্শক কাজী ওবায়দুল কবীর জানান, বার্থী বাজারে টহলের সময় গোপণ সূত্রে মাদক কেনাবেচার খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ বার্থী-বাঘমারা সড়কের মোড়ে ফৌরদৌস সরদারের বাড়ির কাছে মরদেহবাহী (লাশবাহী) ফ্রিজার পিক-আপে তল্লাশী করে মরদেহ রাখার স্থান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও লাশবাহী ফ্রিজিং পিকআপটি (ঢাকা মেট্রো-ঠ-১১-৭৭৫৩) জব্দ করা হয়। এসময় ফ্রিজার পিকআপের চালক সাগর দাস (২৬) ও হেলপার আব্দুল্লাহ্ আল-রাফি (২১)কে আটক করেন।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় বরিশাল ডিবি বরিশাল ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবীর বাদি হয়ে মরদেহবাহী ফ্রিজার গাড়ির আটককৃত চালক ও হেলপারকে আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।