জয়সোয়ালের সেঞ্চুরিতে ভারত ড্রাইভিং সিটে

স্পোর্টস ডেস্ক।।
অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেয়েছেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল। ডোমিনিকান টেস্টে জয়সোয়ালের সেঞ্চুরিতে ভারত দুই উইকেট হারিয়ে ৩১২ রান করে ভালো অবস্থায় রয়েছে। অধিনায়ক রোহিত শর্মাও শতরান করেছেন। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ৮০ রান নিয়ে খেলতে নেমে দুই ওপেনার জুটিটাকে নিয়ে যান ২২৯ রানে। দু’জনের মধ্যে আগে সেঞ্চুরির দেখা পান জয়সোয়াল। ভারতের হয়ে ওপেনার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। ছোট্ট এ তালিকায় এবার নিজের নামটি লিখিয়ে নিয়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি শতরানে পৌঁছতে ২১৫ বল খরচ করেন। অপরাজিত আছেন ১৪৩ রানে।

রোহিত শর্মাও নবম শতরান করতে মোকাবেলা করেন ২২০ বল। রোহিত ও শুভমান গিলের উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে ভারত করেছে ৩১২ রান। বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ৩৬ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার জোমেল ওয়ারিকান তুলে নেন রোহিতের উইকেট। গিলকে আউট করেন ক্যারিবীয় দলের হয়ে অভিষেক টেস্ট খেলা অ্যালিক আথানাজে। প্রথম ইনিংসে উইন্ডিজ তুলেছিল ১৫০ রান।