গৌরনদীতে বসত ঘরে প্রতিপক্ষের হামলা, বাবা-মা ও ছেলেকে কুপিয়ে জখম

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে একদল সন্ত্রাসী প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে একই ঘরের বাবা-মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আবুল হোসেন হাওলাদারের সঙ্গে একই গ্রামের কালু হাওলাদারের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে কালু হালাদারের নেতৃত্বে মনির হাওলাদার সহ ২০/২৫ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আবুল হোসেনের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আবুল হোসেনকে কুপিয়ে জখম করেছে। আবুল হোসেনের ছেলে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রিযাদ হাওলাদার অভিযোগ করে বলেন, আমার বাবাকে কুপিয়ে জখম করলে আমার মা নাসিমা বেগম বাবাকে রক্ষায় এগিয়ে গেলে তাকে এবং আমি মাকে রক্ষায় এগিয়ে গলে আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। এ নিয়ে বাড়াবাড়ি করলে হামলাকারীরা জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কালু হাওলাদার হামলার কথা অস্বীকার করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।