দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

রূপালী ডেস্ক।।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার এজন্য বহু প্রকল্প গ্রহণ করেছে।

বিশ্বে মৎস্য চাষে আমরা ভালো অবস্থানে রয়েছি। ইলিশ ও তেলাপিয়া মাছ উৎপাদনে আমরা সাফল্য অর্জন করেছি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মৎস্য অধিদপ্তর বরিশালের আয়োজনে বরিশাল নগরের কাশিপুরস্থ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এস এম আশিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো আসাদুজ্জামান।