গৌরনদীতে গাছের সঙ্গে প্রাইভটকারের ধাক্কা, প্রাণ গেল নারী চিকিৎসকের

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
বরিশালের গৌরনদীতে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ইকরা বিনতে হাফিজ (২৮) নামে এক ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রাইভেটকারচালক।

বুধবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহত ইকরা উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামীর নাম মাহী বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার। আহত চালক নাহিদ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের ওপর আছড়ে পড়ে প্রাইভেটকারটি। এতে কারে থাকা চালক নাহিদ ও যাত্রী চিকিৎসক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন ইকরার মৃত্যু হয়।

এসআই তমাল আরও জানান, তার স্বামী মাহীর সঙ্গে কথা হয়েছে। তারা না এলে বিস্তারিত কিছু বলা যাবে না।