বাবুগঞ্জে একবছরের সাজা থেকে বাঁচতে ৩৫ বছর আত্মগোপন

রূপালী ডেস্ক।।
মাত্র এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিল ৩৫ বছর। তবে শেষ রক্ষা হয়নি। পলাতক আসামি হিসেবে ধরা পড়েছে পুলিশের হাতে। ঢাকার সাভারের চাপাইন তালতলা এলাকা থেকে শনিবার (১২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করেছে বরিশালের বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তার গোলাম মোস্তফা (৫৫) বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আবদুর রহমান হাওলাদারের ছেলে। চুরির মামলায় ১৯৮৮ সালে এক বছরের কারাদণ্ড দেন বরিশালের জেলা ও দায়রা জজ আদালত। একই সালের ১৬ জুন বাবুগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়েরের পর থেকে পলাতক ছিল আসামি।

রায় ঘোষণার পরে আদালত গোলাম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে দীর্ঘ ৩৫ বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। পরে শনিবার রাতে সাভার থেকে গ্রেপ্তারের পর তাকে বাবুগঞ্জ থানায় আনা হয়। রোববার (১৩ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন, গোলাম মোস্তফার পরোয়ানাটি ছিল বাবুগঞ্জ থানার সবচেয়ে পুরোনো পরোয়ানা। গ্রেপ্তার এড়াতে ১৯৮৮ সালেই বাবুগঞ্জ থেকে পালিয়ে সাভার চলে যায় আসামি। পরে নাম-পরিচয় গোপন করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে।