বরিশালে কোটি টাকার সিগারেট লুট, গ্রেফতার-৩

রূপালী ডেস্ক।।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা এলাকায় একটি সিগারেট কোম্পানির অফিসে ঢুকে ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট (যার আনুমানিক মূল্য ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৩১৭ টাকা) ডাকাতি করে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া অধিকাংশ সিগারেট ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

গ্ৰেফতাকৃতরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছৈলাবুনিয়া গ্ৰামের আব্দুস সাত্তার মৃধার ছেলে ইয়াকুব মৃধা (৪০), বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর টিয়াখালি গ্ৰামের নিজাম শরীরের ছেলে মো. মুছা (১৯) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগীর বাদুরা গ্ৰামের মো. দুলাল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৭)।

পুলিশ কমিশনার বলেন, গত ১৩ আগস্ট রাত ১০টার দিকে ৯-১০ জনের একটি ডাকাত দল এয়ারপোর্ট থানা এলাকার জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির অফিসে ঢুকে নিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেনকে বেঁধে ফেলে। পরে তারা ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট (যার আনুমানিক মূল্য ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৩১৭ টাকা) ডাকাতি করে নিয়ে যায়।

পরে এ ঘটনায় জেটিআই ওয়ার হাউজ ইনচার্জ মো. শফিকুল কাদের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন থানা পুলিশের সহায়তায় লুণ্ঠিত অধিকাংশ মালামালসহ বহনকারী ট্রাক এবং ৩ ডাকাতকে গ্রেফতার করে।

পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা উক্ত ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া ডাকাত ইয়াকুব মৃধার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ও মুছার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।