বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে পাঁচ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক।।
মিথ্যা মামলা করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাদীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (২০ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মূল মামলার বাদী বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব গাবতলী গ্রামের মো. হানিফের স্ত্রী নিলুফা বেগম। রায় ঘোষণা করার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল।

২০১৮ সালের ১৭ জানুয়ারি একই এলাকার আবদুল খালেকের ছেলে আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা করেছেন বলে ট্রাইব্যুনালে মামলা করেন নিলুফা বেগম। মামলাটি তদন্ত দিলে বাদীর ঘটনা মিথ্যা মর্মে প্রতিবেদন দেয়। ট্রাইব্যুনাল নিলুফা বেগমের মামলা ২০১৮ সালের ২০ নভেম্বর খারিজ করে দেন। নিলুফা বেগম মিথ্যা মামলা করার অপরাধে আসামি আবুল কালাম বাদী হয়ে ২০১৯ সালের ২০ মার্চ মূল মামলার বাদী নিলুফা বেগমের বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলায় নিলুফা বেগমকে উপরোক্ত দণ্ড প্রদান করেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, একটি যুগান্তকারী রায় হয়েছে। এই মেসেজটি সবাই জানলে কেউ মিথ্যা মামলা করবে না।

আসামির আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।