দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাওঃ রফিকুল ইসলামের মতবিনিময়

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী প্রেস ক্লাবের শাহজাহান মাহমুদ হল রুমে সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম মুলাদী উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির মুলাদী উপজেলার সভাপতি মাওঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মসজিদের মুয়াজ্জেন মাওঃ শরিয়ত উল্লাহ, মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স-এর মসজিদের ইমাম মাওঃ আনিসুর রহমান, ২নং ওয়ার্ড জামে মসজিদের খতিব মাওঃ মহিবুল্লাহ, দ্বীনিয়া মাদ্রাসার মুহাতামিম মাওঃ মোঃ রাকিব হোসেন ও রাস্তার মাথা মসজিদের খতিব মাওঃ সালাউদ্দিন।

মতবিনিময় সময় মাওঃ রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়বো। অন্যায়কারীদের বিরুদ্ধে সোচ্চার এবং সুখে দুখে সাধারণ মানুষের পাশে থাকবো। অন্যায়ের কাছে মাথা নত করবো না।

তিনি আরো বলেন, আমি ছোট বেলা থেকেই মানুষের জন্য কাজ করে এসেছি, সুনামের সহিত সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। দল-মতের উর্দ্ধে থেকে আমি মুলাদী-বাবুগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। আর এর ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। সাধারণ মানুষ আমার সাথে রয়েছে, আমি আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ উপজেলার মানুষ আমাকে তাদের বুকে টেনে নিবে এবং তাদের পাশে থেকে আমাকে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।