সৎ চাচার নেতৃত্বে ভাতিজার হাত পায়ের রগ কর্তন

কুয়াকাটা প্রতিনিধি(পটুয়াখালী) ॥
পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরে সৎ চাচার নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের (৪৫) হাত পায়ের রগ কর্তনের ঘটনা ঘটেছে। চাচা শাহীন হাওলাদারসহ চারজনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারাল অস্ত্র নিয়ে মিশনে অংশ নেয়। এসময় আকস্মিক সন্ত্রাসীরা ব্যবসায়ী ভাতিজার বাম হাত এবং ডান পায়ের রগ কেটে দ্রুত সটকে পড়ে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আলীপুরের একটি রেস্তরাঁয় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আশেপাশের লোকজন হালিম হাওলাদারকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদাউস আলম খান জানান, জমিজমার বিরোধের জের ধরে চাচা শাহীন ও রাসেল হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতোপূর্বে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাঃ এম সায়েম পুনম জানান, ভিকটিম হালিম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।