বানারীপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত সন্তান প্রসব, মামলা

অনলাইন ডেস্ক।।
বরিশালের বানারীপাড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীর (৪০) মৃত সন্তান প্রসব করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে ওই নারীর বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেন।

মামলার বাদী জানান, ২০ বছর আগে তাঁর মেয়েকে খুলনায় বিয়ে দেন। সেই সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। বিয়ের ৫-৬ বছর পরে তাঁর মেয়ের বিয়েবিচ্ছেদ হয় এবং সন্তানদের বাবার কাছে রেখে দেওয়া হয়। সেই থেকে বানারীপাড়ায় তাঁর বাড়িতে আশ্রয় নেন তাঁর মেয়ে। সংসার ও সন্তান হারানোর যন্ত্রণায় ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তাঁর মেয়ে।

বাদী আরও বলেন, কাজের সন্ধানে তাঁকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হয়। তখন প্রতিবন্ধী স্ত্রী ও মেয়ে বাসায় থাকতেন। এই সুযোগে ৮ থেকে ৯ মাস আগে অভিযুক্ত কিশোর তাঁর মেয়েকে ধর্ষণ করে। একদিন কিশোরকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। ঘটনাটি ওই কিশোরের বাবা-মাকে জানানো হলেও তারা ব্যবস্থা নেননি।

কিছু দিন আগে মেয়ের শারীরিক গঠনের পরিবর্তন দেখে ওই কিশোরের বাবাকে বিষয়টি জানান তিনি। মেডিকেল পরীক্ষার জন্য ৪ হাজার টাকা দেন ওই কিশোরের বাবা। ৭ অক্টোবর একটি ক্লিনিকে পরীক্ষা করানো হয়। তাতে দেখা যায়, মেয়েটি ৭ মাস ১৫ দিনের অন্তঃসত্ত্বা। ১০ অক্টোবর ব্যথা অনুভব হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে একটি মৃত ছেলে সন্তান প্রসব করেন তিনি।

এ ব্যাপারে ওই কিশোরের বাবা ফোনে তাঁর ছেলেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, তাঁর ছেলে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে, তার বয়স ১৬ বছর ৩ মাস।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, মৃত নবজাতককে বরিশাল শেবাচিম হাসপাতালে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।