ফিলিস্তিনের প্রতি সংহতি জানাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা

রূপালী ডেস্ক।।
ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলমান বাসিন্দাদের ওপর ইসরায়েলের চলমান গণহত্যা, হামলা ও আগ্রাসনের নিন্দা জানিয়ে মানববন্ধন, র‌্যালি ও সংহতি সমাবেশ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে মানববন্ধন করে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা।

মানববন্ধন শেষে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দিতে থাকেন।

এসব কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলের ইহুদি সেনারা অবৈধভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর চেপে বসেছে এবং নির্যাতন করছে। তারা নির্বিচারে গণহত্যা চালিয়ে সেখানকার মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থা তৈরি করেছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাদের আগ্রাসন থেকে কেউ রক্ষা পাচ্ছে না। অথচ মানবাধিকারের বুলি আওড়ানো কোন দেশ এসব বিষয়ে স্পষ্ট বক্তব্য দিচ্ছে না।