বানারীপাড়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ও সহপাঠী প্রেমিকার সম্পর্কের অবনতি হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সাইদুল ইসলাম, বানারীপাড়া।।
বরিশালের বানারীপাড়ায় এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরিবারের গালমন্দ ও সহপাঠী প্রেমিকার সাথে সম্পর্কের অবনতি হওয়ায় হতাশা থেকে এক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

জানাগেছে, উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন ইনস্টিটিউশন (আউয়ার) মাধ্যমিক বিদ্যালয়ের লিমন হোসেন সরদার নামে ওই এসএসসি পরিক্ষার্থী রবিবার (০৬ নভেম্বর) সকালে বিষপানে এই আত্মহত্যা করেছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। লিমন উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মধ্য আউয়ার গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে।

স্থানীয় সুত্রে জানায়, লিমন সম্প্রতি এসএসসির টেস্ট পরীক্ষায় একটি বিষয় ছাড়া বাকী সকল বিষয়ে ফেল করা নিয়ে মায়ের গালমন্দ ও পরীক্ষায় অকৃতকার্যের বিষয় নিয়ে সহপাঠি প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মনোরকষ্টে লিমন আত্মহত্যা করেছে।

এ বিষয়ে লিমনের প্রাথমিক স্কুল জীবনের প্রাইভেট শিক্ষক মুক্তা বেগম জানান, এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এ বিষয় নিয়ে তার মা লিমনকে গালমন্দ করায় সে বিষপানে আত্মহত্যা করে।

এ প্রসঙ্গে সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার জানান, এসএসসির টেস্ট পরীক্ষায় সকল অকৃতকার্যদের বিষয়ে সিন্ধান্ত নেওয়ার জন্য ৭ নভেম্বর মঙ্গলবার বিকালে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে স্কুলে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু তার পূর্বেই লিমনের এমন অনাকাংখিত মৃত্যু মেনে নেওয়া কষ্টকর এবং খুবই বেদনাদায়ক। তবে তার আত্মহত্যার পিছনে অন্য একটি ঘটনা রয়েছে বলে তিনি জানতে পেরেছেন বলেও জানান।

এ ঘটনায় লিমনের বড় চাচা ওসমান গণি জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়া লিমনের লাশ দাফনের জন্য চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী জানান, লিমনের আত্মহত্যার কারন উদঘাটনে তদন্ত করা হবে।