প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, শাস্তির দাবি

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীর দুই গালে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় বখাটে সাব্বিরকে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বড়মাছুয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক অভিভাবকরা।

রোববার সকালে উপজেলার রড়মাছুয়া বাজার সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক,ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে। পরে বড়মাছূয়া বাজারের তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সুশীল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু,বিদ্যালয়ের সিনিয়র ইন্সট্রেকটর মোঃ মোশারেফ হোসেন,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউপি সদস্য মোঃ জাফর মৃধা,হারুন অর রশিদ, জিয়াউর রহমান নির্যাতিতা ছাত্রীর মা তাসলিমা বেগম ও শিক্ষার্থী মরিয়ম আক্তার প্রমূখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা উপজেলার দক্ষিন বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের বখাটে ছেলে সাব্বির হাওলাদারকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়ে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

এ ঘটনায় রবিবার রাতে গুরুতর আহত ওই ছাত্রীর মা বাদি হয়ে ওই বখাটে সাব্বির হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। সাব্বির উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠুটাখালী গ্রামের সৌদি প্রবাসীর ৯ম শ্রেণী স্কুল পড়–য়া মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে বার্ষিক পরীক্ষা শেষে ২৬ নভেম্বর রবিবার দুপুরে বাড়ি ফেরার পথে বখাটে সাব্বির ও তার সহযোগী কথার ছলে ওই ছাত্রীর পথরোধ করে। এক পর্যায় বখাটে সাব্বির হাতে থাকা ব্লেড দিয়ে ওই ছাত্রীর গালে পোচ দিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়।

ডাক চিৎকারে সহপাঠি ও স্থানীয়রা গুরুতর আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ওই সাব্বির হাওলাদারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।