বরিশাল ল’ কলেজে ছাত্রলীগের হামলা, অধ্যক্ষসহ আহত ৬

রূপালী ডেস্ক।।
বরিশাল ল’ কলেজে (আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়) ছাত্রলীগ নামধারীদের হামলায় কলেজ কমিটির সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই কলেজের অধ্যক্ষ। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হাসপাতাল রোডে থাকা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন।

এ ঘটনার পরপরই ক্যাম্পাসে উপস্থিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাবেক প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটুসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আনোয়ার হোসেন জানান, আমি কলেজ অভ্যন্তরে বসা ছিলাম। এ সময় ছাত্রলীগ নামধারী আরিফ হোসেন অপুর নেতৃত্বে ৩০-৪০ জন কলেজে প্রবেশ করে। অপুসহ ৪-৫ জন টেনে আমার জামার কলার ধরে এক পাশে নিয়ে মারধর ও লাঞ্ছিত করেছে। তারা আমাকে বলে, কলেজ কমিটির সবাই সাদিকের অনুসারী, তাই এখন থেকে তোদের সিদ্ধান্তে কলেজ চলবে না। আমাদের কথা মতো কলেজ পরিচালিত হবে। তোরা আজ থেকে বিদায় হবি। সাদিক অনুসারীরা এ এলাকায় থাকতে পারবে না।

এ সময় কলেজ অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন, শিক্ষক অধ্যাপক আ.স.ম. জসিম উদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। পরে ক্লাস রুমে ঢুকে তিন শিক্ষার্থীকে মারধরে রক্তাক্ত করে তারা। হামলাকারীরা কলেজে ভাংচুরও চালায়। অধ্যক্ষের রুমে সাদিক আবদুল্লাহর ছবি টাঙানোর কারণে তাকেও লাঞ্ছিত করা হয়।

অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন জানান, অধ্যাপক জসিম স্যারকে ক্লাস থেকে বের করে মারধর করা হয়েছে। আহত তিন জনের মধ্যে ইব্রাহিম সুমনসহ দুইজন মারাত্মক অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোবাইল খোয়া গেছে। এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, বিষয়গুলো জানলাম। প্রশাসনকে জানিয়েছি। মহানগর আওয়ামী লীগ বসে সিদ্ধান্ত নেবো। হামলার কারণ প্রসঙ্গে সাদিক বলেন, মাত্র ঘটনা ঘটলো। পরে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।