ভাষা দিবসে সুবিধাবঞ্চিত মানুষ পেল বিদ্যানন্দ ফাউন্ডেশনের ’১০ টাকায় রোজার বাজার’

কাজী সাঈদ, কুয়াকাটা (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় মহান ভাষা দিবসে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের তিন শতাধিক পরিবার পেল বে-সরকারী উন্নয়ন সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ’১০ টাকায় রোজার বাজার’ কার্যক্রমের খাদ্য সহায়তা। মাত্র ১০ টাকা প্রতিকী মূল্যে দুস্থ, অসহায় পরিবারগুলো এ বাজার থেকে চাল, ডাল, ছোলা, লবন, ডিম, মাছ, মাংস, সবজি, নুডলস, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ক্রয় করার সুযোগ পেয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে দিন ব্যাপী ১০ টাকার এ সুপার শপে নিম্ন আয়ের মানুষের জন্য পণ্য ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি।

এসময় গৃহহীন বৃদ্ধা মনোয়ারা বিবিকে নতুন ঘরের চাবি, তালাকপ্রাপ্তা মোসা: পপি, রহিমা বোগমকে দুইটি সেলাই মেশিন, হত দরিদ্র লাল মিয়া গাজী, আবদুল লতিফকে ব্যবসা পণ্য সামগ্রী, দিনমজুর ফারুক হোসেনকে একটি নতুন ভ্যান গাড়ী, স্বামী পরিত্যক্তা রুমা বেগম, ছকিনা বেগম, সোনা ভানুকে তিনটি বকনা বাছুর প্রদান করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বর মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে ’১০ টাকায় রোজার বাজার’ কার্যক্রমের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ প্রমূখ।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন উদ্যোগে অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও এতিমখানার শিশুসহ ভাসমান ব্যক্তিদের জন্য এই আয়োজন করা হয়েছে। দিনব্যাপি আয়োজনে টোকেন সংগ্রহ করে ১০ টাকায় পছন্দমতো বাজার করেন এসব সুবিধাবঞ্চিত মানুষরা।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিব তাঁর বক্তব্যে বলেন, ’বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম মানবিক ও প্রশংসনীয়। বিভিন্ন দুর্যোগে তারা মানুষের পাশে দাড়ান। সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য এ কার্যক্রম দেশব্যাপী সফলভাবে সম্পন্ন করতে আমার সহযোগীতা থাকবে।’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বর মো: জামাল উদ্দিন বলেন, ’মাত্র ১০ টাকায় ক্রয়কৃত এসব পণ্যের বাজার মূল্য ১০০০-১৩০০ টাকা। আমাদের সুপার শপে বিস্কিট, সুজি, স্কুল ব্যাগ, ছাতা, টি-শার্ট, খাতা-কলমও ক্রয়ের রয়েছে।’