গৌরনদীতে রাতের আঁধারে চারা গাছ কেটে ফেলার অভিযোগ

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
রাতের আঁধারে রাস্তার পাশের চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্বচক্ষে কেউ না দেখলেও স্থানীয় এক যুবক গাছ কাটার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন গাছ মালিক। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ লক্ষনকাঠী গ্রামের।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ওই গ্রামের আসমত হাওলাদার অভিযোগ করে বলেন, গত কয়েকদিনের ব্যবধানে দক্ষিণ লক্ষনকাঠী-আটক গ্রামীন সড়কের পাশে আমার রোপনকৃত বিভিন্ন প্রজাতির ১০টি চারা গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কর্তনের সাথে ওই গ্রামের আব্দুল হক ফকিরের মাদকসেবী ছেলে কাওসার ফকির জড়িত বলে তিনি দাবী করেন।

তবে অভিযোগ অস্বীকার করে কাওসার ফকিরের ভাই বাচ্চু ফকির বলেন, রাতের আঁধারে কে বা কাহারা রাস্তার গাছ কেটেছে। সেই দায় ঢাকায় অবস্থানরত আমার ভাইয়ের ওপর চাপানোর পাঁয়তারা চালাচ্ছে প্রতিপক্ষরা।

সরেজমিন ওই এলাকা ঘুরে জানা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে ওই এলাকার নুর মোহাম্মদ ফকির, স্কুল শিক্ষিকা লাইজু বেগম ও লিপি বেগমের রান্না ঘরে রাতের আঁধারে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এতে বড়ধরনের ক্ষতি না হলেও পরিবারগুলোর মাঝে চরম আতংক বিরাজ করছে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।